শিরোনাম

চীনে যাত্রীবাহী ভ্যান-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

সিটিজেন ডেস্ক
চীনে যাত্রীবাহী ভ্যান-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩
চীনের হেনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি চলন্ত ট্রাকের পেছনে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ভ্যানের ভয়াবহ ধাক্কায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) দেশটির পুলিশ নিশ্চিত করেছে, এ সড়ক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, নয় আসনের ছোট ওই ভ্যানটিতে দুর্ঘটনার সময় ১৬ জন যাত্রী অবস্থান করছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটে নানইয়াং শহরের জি-৪০ এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় ভ্যানটি সামনে থাকা একটি সেমি-ট্রেইলার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এতো বেশি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভয়াবহ দুর্ঘটনার পরপরই চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে জানানো হয়, সরকার প্রাণহানির ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ তদন্ত দল ইতোমধ্যে ঘটনাস্থল নানইয়াংয়ে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ট্রাফিক আইনের প্রয়োগে শিথিলতা এবং চালকদের বেপরোয়া মনোভাবের কারণে চীনে প্রায়ই এমন মর্মান্তিক ও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সূত্র: সিনহুয়া

/এমএকে/