শিরোনাম

৪০ দেশের পর্যটকদের জন্য ফ্রি ভিসা চালু শ্রীলঙ্কার

সিটিজেন ডেস্ক
৪০ দেশের পর্যটকদের জন্য ফ্রি ভিসা চালু শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার সিগিরিয়া শিলা দুর্গ। ছবি: ট্রাভেল সেন্টার

দেশের পর্যটন খাতকে আরও চাঙ্গা ও অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা চালু করেছে শ্রীলঙ্কা সরকার। সোমবার (২৫ মে) থেকে নতুন নিয়মটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। লঙ্কান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় পর্যটকদের এ অন-অ্যারাইভাল ফ্রি ভিসা দেওয়া হবে। তবে সুবিধাটি পেতে হলে শ্রীলঙ্কায় ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই পর্যটকদের অনলাইনে ইটিএ অনুমোদন সংগ্রহ করতে হবে।

নতুন এ ভিসানীতির আওতায় ভ্রমণকারীরা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শ্রীলঙ্কায় অবস্থান করতে পারবেন এবং এ সময়ের মধ্যে তারা দুই বার দেশটিতে প্রবেশ করার সুযোগ পাবেন। তবে কোনো পর্যটক যদি ৩০ দিনের বেশি অবস্থান করতে চান, তবে তাকে ইমিগ্রেশন বিভাগে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য যথাযথভাবে আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অন্যদিকে, পূর্ববর্তী দ্বিপক্ষীয় চুক্তির সুবাদে মালদ্বীপের নাগরিকরা বরাবরের মতোই ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা সুবিধা উপভোগ করতে পারবেন।

শ্রীলঙ্কা সরকারের এ বিশেষ সুবিধার তালিকায় থাকা ৪০টি দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। এছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও তুরস্ক। মূলত রেকর্ডসংখ্যক বিদেশী পর্যটক আকর্ষণ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতেই লঙ্কান প্রশাসন এই বড় পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/