শিরোনাম

৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি টাকা টোল আদায়

টাঙ্গাইল সংবাদদাতা
৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি টাকা টোল আদায়
যমুনা সেতু। ছবি: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত কয়েকদিন ধরেই ছিল ঘরমুখো মানুষের চাপ। ঈদযাত্রায় গত ৬ দিনে যমুনা সেতু দিয়ে প্রায় ২ লাখ ৬৩ হাজার যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ২০ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে এ তথ্য জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ।

সূত্রে জানা গেছে, গত ২২ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন চলাচল করেছে। এতে মোট ২০ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২২ মে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা, ২৩ মে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ এবং ২৪ মে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া ২৫ মে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা, ২৬ মে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ এবং ২৭ মে ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা আদায় হয়েছে।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে তিন-চার গুণ বেশি যানবাহন চলাচল করেছে। অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে টোল প্লাজায় নিয়মিত ১৪টি বুথের সঙ্গে অতিরিক্ত চারটি বুথ স্থাপন করা হয়েছিল। যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এসব তথ্য জানান।

/জেএইচ/