শিরোনাম

নায়িকা ববির বাড়িতে চুরি

বিনোদন ডেস্ক
নায়িকা ববির বাড়িতে চুরি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরে নায়িকার বাড়ির গ্রিল কেটে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক। তিনি বলেন, নায়িকা ববির বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, ববির মা হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। গত ২৫ মে শুটিংয়ের কাজে বাড়ি থেকে বের হন নায়িকা ববি। পরের দিন তার গৃহপরিচারিকা লাকি (৫৮) নায়িকাকে চুরির খবর দেন।

ফোন পেয়ে বাড়িতে এসে ববি দেখেন, শোবার ঘরের আলমারিগুলো এলোমেলো অবস্থায় আছে। জানালা ও বারান্দার দুটি গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব করে জানা গেছে, বাসা থেকে আনুমানিক ৮৫ লাখ ৭০ হাজার টাকার সম্পদ ও নগদ অর্থ চুরি হয়েছে।

খোয়া যাওয়া সম্পদের মধ্যে রয়েছে ৩০ লাখ টাকা মূল্যের ৫ জোড়া স্বর্ণের চুড়ি, ১০ লাখ টাকার ৭ জোড়া কানের দুল। এছাড়াও ৩ লাখ টাকার ৩টি নেকলেস, ২ লাখ টাকার ৮টি লকেট, ২৮ লাখ টাকার ১২টি স্বর্ণের চেইন হারিয়ে গেছে। এছাড়াও ৭টি ডায়মন্ডের নাকফুল খোয়া গেছে, যার মূল্য আড়াই লাখ টাকা। ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৫টি দামি হাতঘড়ি এবং ড্রয়ারে থাকা নগদ ৬ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চুরির বিষয়টি জানার পরপরই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। অভিনেত্রী বলেন, পুলিশ দ্রুত চোর শনাক্ত ও মালামাল উদ্ধারের আশ্বাস দিয়েছে।

/জেএইচ/