শিরোনাম

ফরিদপুরে কোরবানির মাংস নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুরে কোরবানির মাংস নিয়ে সংঘর্ষ, আহত ৩০
কোরবানির মাংস নিয়ে সংঘর্ষ। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষে নারী ও পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের জামাত শেষ হওয়ার পর কোরবানির মাংস মসজিদে রাখা হবে নাকি বাড়িতে নেওয়া হবে তা নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। গ্রামে দুই পক্ষের একটির নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন কামরুজ্জামান সম্রাট। কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা দ্রুতই একটি বড় সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন।আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পুরো এলাকা জুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক কাটেনি, তবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোরবানির মাংস রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে সেখানকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে দুই পক্ষকেই ডাকা হয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

/এমএকে/