শিরোনাম

এআই চালিত ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

সিটিজেন ডেস্ক
এআই চালিত ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়ার একটি অজ্ঞাত স্থানে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মিশ্রণের পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করছেন কিম জং উন। ছবি: রয়টার্স

সামরিক প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি ঘটিয়ে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে এ পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়। বুধবার (২৭ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

কেসিএনএ-র প্রতিবেদন অনুযায়ী, এ বিশেষ সামরিক কর্মসূচিতে ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি রকেটের পাশাপাশি অত্যাধুনিক এআই-নির্দেশিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন জানিয়েছেন, নতুন প্রযুক্তির এ ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুল নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

দেশটির স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের আওতায় মূলত নতুন এসব ক্ষেপণাস্ত্রের শক্তি ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাইয়ের জন্য এ পরীক্ষা চালানো হয়। উৎক্ষেপণ প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে কিম জং উন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ সফল পরীক্ষা প্রমাণ করেছে তাদের অস্ত্র ও স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থা আধুনিক যুদ্ধক্ষেত্রের যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পুরোপুরি প্রস্তুত।

কিম আরও উল্লেখ করেন, সদ্য পরীক্ষিত এআই চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মূলত দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী দূরপাল্লার আর্টিলারি ইউনিটগুলোতে মোতায়েন করা হবে, যা সীমান্ত অঞ্চলে তাদের যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করবে। এ ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত নেভিগেশন ও এআই নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিক রণকৌশলে বড় প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন।

এদিকে, উত্তর কোরিয়ার নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক এ পরীক্ষামূলক উৎক্ষেপণের বিষয়ে তারা সম্পূর্ণ অবগত রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সূত্র: রয়টার্স

/এমএকে/