শিরোনাম

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৫

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৫
সংঘর্ষে ক্ষতিগ্রস্থ দোলা পরিবহনের বাস।

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের আরও অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের যাত্রীবাহী বাসটি বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি হয়। এ সময় মোটরবাইকটিকে এড়াতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে যানটি মহাসড়কের ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন প্রাণ হারান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়।

ভয়াবহ এ দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোসা. খাদিজা খাতুন (৩৫) এবং একই এলাকার আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭)। তবে নিহত শিশুসহ বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং বাকি তিনজন বাসের যাত্রী ছিলেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এমএকে/