শিরোনাম

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

সিটিজেন ডেস্ক
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নরেন্দ্র মোদি। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে প্রধানমন্ত্রীকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন মোদি।

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে চিঠির বার্তা প্রকাশ করা হয়।

চিঠিতে নরেন্দ্র মোদি দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন।

তিনি লেখেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন।

তিনি আরও লেখেন, ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অপরিহার্য।

নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাঙক্ষার ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

বিভিন্ন ক্ষেত্রে জনমুখী পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দ্বিপাক্ষিক অভিন্ন উন্নয়নের লক্ষ্য ও ভাবনা দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।

চিঠিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের নিরবচ্ছিন্ন অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।

/জেএইচ/