শিরোনাম

যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ
টেক্সাসে অ্যান্ড্রুজ কাউন্টি স্বাস্থ্য বিভাগের হাম ক্লিনিকে হাম, মাম্পস এবং রুবেলা টিকার ডোজ নিয়ে প্রবেশ করছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণে অনীহা এবং টিকাদানের হার হ্রাস পাওয়ার কারণে চলতি বছরের প্রথম সাত মাসেই দেশটিতে হামে আক্রান্তের সংখ্যা ২,৩১৮ জনে পৌঁছেছে, যা গত ৩৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-র সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ মাসে দেশটিতে যত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা আগের ২৫ বছরের মোট সংখ্যার চেয়েও বেশি। গত বছর পুরো সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ২,২৮৯ জন, যেখানে টিকা না নেওয়া দুটি শিশুর মৃত্যু হয়েছিল। বর্তমানে দেশের প্রায় ৪৫টি অঙ্গরাজ্যে এ রোগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া ও ইউটা রাজ্যে নতুন করে সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি এতটা অবনতি ঘটেছে যে, আগামী নভেম্বরে আন্তর্জাতিক প্যানেলের সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্র তার ‘হাম নির্মূলের দেশ’-এর মর্যাদা হারাতে পারে। কোনো দেশে হাম ভাইরাসের একই স্ট্রেইন টানা এক বছর বা তার বেশি সময় ধরে সক্রিয় থাকলে সেই দেশ এই স্বীকৃতি হারায়, যা গত বছর কানাডার ক্ষেত্রেও ঘটেছিল। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, অত্যন্ত সংক্রামক রোগটি প্রাণঘাতী হতে পারে। এটি কেবল শরীরে লাল ফুসকুড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। পাশাপাশি ব্রেনের জটিলতা (এনসেফালাইটিস) এবং ইমিউন অ্যামনেসিয়ার মতো দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে।

সংক্রমণ কার্যকরভাবে ঠেকানোর জন্য অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকাদান নিশ্চিত করা প্রয়োজন। অথচ যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় এ হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। যেমন গত বছর সাউথ ক্যারোলিনার কিছু অভিবাসী জনগোষ্ঠীর স্কুলে টিকাদানের হার নেমে এসেছিল মাত্র ২০ শতাংশে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের নীতি ও মন্তব্যের তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, নিরাপদ ও ৯৭ শতাংশ কার্যকর এমএমআর টিকা নিয়ে তার বিভ্রান্তিকর মন্তব্য এবং অপ্রমাণিত চিকিৎসার প্রচার এই সংকটকে আরও উসকে দিয়েছে। সম্প্রতি শিশুদের জন্য সুপারিশকৃত টিকার সংখ্যা ১৭টি থেকে কমিয়ে ১১টিতে আনার তার একটি উদ্যোগ আদালত স্থগিত করেছিলেন। টিকাদান কর্মসূচিতে এমন অস্থিরতা দেশের সার্বিক স্বাস্থ্য নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

সূত্র: বিবিসি

/এমএকে/