শিরোনাম

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন
স্পেনের আভিলা প্রদেশে দাবানল নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মী ও সাধারণ মানুষ। ছবি: বিবিসি

ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া দাবানল এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সম্প্রতি ফ্রান্সের বোর্দো অঞ্চলের আশপাশ থেকে আরও প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশ মিলিয়ে এ পর্যন্ত মোট সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেল।

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের জিরোন্দ ও লঁদ অঞ্চল থেকে ইতোমধ্যেই প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সেনাবাহিনী মোতায়েন করেছেন। অন্যদিকে, স্পেনের পরিস্থিতিও অত্যন্ত করুণ। দেশটির রাজধানী মাদ্রিদের পশ্চিমে একাধিক জায়গার আগুন এক সঙ্গে মিলে এক বিশাল অগ্নিকাণ্ডে রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে স্পেন সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেখানকার প্রায় ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ৪০ হাজার মানুষকে নিজ নিজ বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো এটিকে এ অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। প্রচণ্ড গরম, একটানা বাতাস এবং একাধিক আগুন একসাথে মিশে যাওয়ায় এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগুন ঠেকাতে এবং এল এসকোরিয়াল শহরকে রক্ষার জন্য স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আভিলা প্রদেশের আরেকটি বড় দাবানল যেন মাদ্রিদের আগুনের সঙ্গে মিশে যেতে না পারে, সে জন্য কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

ইতোমধ্যেই মাদ্রিদ অঞ্চলে প্রায় ৬ হাজার হেক্টর এবং আভিলা এলাকায় প্রায় ৯ হাজার হেক্টর জমি ভস্মীভূত হয়েছে। চ্যাপিনেরিয়া, রোবলেডো দে চাভেলাসহ অন্তত আটটি এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু শহরকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

ভিরামন্তার এক স্পোর্টস হলে আশ্রয় নেওয়া ৮৬ বছর বয়সী বাসিন্দা ইকোলোজিও ক্যাব্রেরা আতঙ্কের কথা জানিয়ে বলেন, যদি আপনি এর থেকে না পালিয়ে মুখোমুখি হওয়ার চেষ্টা করেন, তবে এটি আপনাকে গ্রাস করে ফেলবে। জীবনে কখনো এমন দৃশ্য দেখিনি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে, সিভিল গার্ড জানিয়েছে আভিলা এলাকায় বিধিনিষেধের মধ্যে ভারী যন্ত্রপাতি ব্যবহারের অবহেলার কারণে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনের বিরুদ্ধে তদন্ত চলছে।

সূত্র: বিবিসি

/এমএকে/