শিরোনাম

মসজিদে জামায়াতের ওপর হামলা বিএনপির পূর্বপরিকল্পিত: এমপি মোমেন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
মসজিদে জামায়াতের ওপর হামলা বিএনপির পূর্বপরিকল্পিত: এমপি মোমেন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন

পাবনার সাঁথিয়ায় মসজিদে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলার ঘটনা বিএনপির পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

তার অভিযোগ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই এ হামলার ঘটনা হয়েছে। তিনি দাপ্তরিক কাজ বাদ দিয়ে স্থানীয় রাজনীতিতে ক্ষমতার প্রভাব বিস্তারের অপচেষ্টা করছেন।

এছাড়াও এ ঘটনায় দায়ী করে থানার ওসিকে ফ্যাসিস্টের দোসর অ্যাখ্যা দিয়ে তার দ্রুত অপসারণের দাবিও জানিয়েছেন তিনি।

‎শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ইমাম হোসাইন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

নাজিবুর রহমান মোমেন বলেন, মসজিদ কমিটির অনুমতি ও তাদের দাবির প্রেক্ষিতেই তিনি সেখানে ইমামতি করতে গিয়েছিলেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে বাধা দিয়ে মসজিদে ঢুকে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলা করেছে।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিক প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) জুমার খুতবার ঠিক আগে জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ও পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়াতে যান। তিনি দ্বিতীয় খুতবা শুরুর সময় উপস্থিত বিএনপি কর্মী-সমর্থকরা আপত্তি জানান। এ নিয়ে মসজিদের ভেতরেই জামায়াতের সঙ্গে বিএনপি কর্মীদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

/এসআর/