শিরোনাম

ঝিনাইদহের সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহের সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে ব্যর্থ হয়ে ৬ ব্যক্তি ভারতের অংশে অবস্থান করছেন। ছবি: বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অংশে অবস্থান করছেন।

শনিবার (২৫ জুলাই) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো. রফিকুল আলম জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৬ জনকে পুশ-ইনের চেষ্টা করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেইট দিয়ে তাদের অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছিল।

বিষয়টি সামন্তা বিওপির টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন এবং ওই ৬ জনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের ফলে বিএসএফের পুশ-ইনের প্রচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ৬ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের এলাকায় অবস্থান করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরইমধ্যে বিএসএফকে জানানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

/এফসি/