শিরোনাম

গঠনমূলক পরামর্শের জন্য তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মোদির

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
গঠনমূলক পরামর্শের জন্য তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভের মুখে বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তায় তরুণদের ব্যাপক ও ইতিবাচক সাড়া পেয়ে প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে পোস্ট করা নতুন এক বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘ধন্যবাদ বন্ধুরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বার্তার মাধ্যমে আপনাদের সামনে আসার সুযোগ হয়েছিল। ভিডিওটিতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমার প্রতি আপনাদের এই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে’।

এর আগে নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও প্রতিবাদের মুখে বৃহস্পতিবার রাতে প্রশ্নফাঁস বন্ধে সরকারের কর্মপরিকল্পনা নিয়ে ভিডিও বার্তাটি প্রকাশ করেন মোদি। এতে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনার। সে কারণেই গত আড়াই মাসে একাধিক দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মূল অপরাধীদের গ্রেপ্তার করে ইতোমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে। তবে সরকারের প্রধান দায়িত্ব ছিল শিক্ষার্থীদের যেন একটি বছরও নষ্ট না হয়, তাই দ্রুততম সময়ে পরীক্ষা শেষ করাকেই এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

একই সঙ্গে প্রশ্নপত্র সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ফাস্ট ট্র্যাক বা দ্রুতবিচার আদালত গঠনের উদ্যোগের কথা জানান মোদি। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলো দিনরাত কাজ করে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। শনিবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এটি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর সোমবার থেকে সংসদ অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ শুরু হলেই বিলটি দ্রুত পাস করানোর চেষ্টা করবে সরকার।

অন্যদিকে, প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত কাকরোচ জনতা পার্টির (সিজেপি) ওপর পুলিশের অভিযানের কয়েক দিন পর কেন্দ্র সরকার বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে বদলি করা হয়েছে এবং জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) থেকে বরখাস্ত করা হয়েছে ৪৭ জন কর্মচারীকে।

তবে প্রশাসনিক এসব পদক্ষেপ সত্ত্বেও আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের মূল দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে অনড় রয়েছেন। শুক্রবার সিজেপির একটি প্রতিনিধিদল সরকারের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে একগুচ্ছ দাবি তুলে ধরে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের মানসিক কষ্টে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। তবে সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতৃত্বের পূর্ণ সমর্থন থাকায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।

সূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রস

/এমএকে/