শিরোনাম

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী
সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? তিনি উত্তর দেন, ‘সময় বলে দেবে।’

আসাদুজ্জামান এসময় বলেন, সংবিধানের ১২৩ এর (২) অনুচ্ছেদ অনুসারে পদত্যাগের মধ্যে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল ২৪ জুলাই। ২৪ অক্টোবর পর্যন্ত সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। তিনি বলেন, যেহেতু ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে; আশা করি, সেই অধিবেশনে এটা করা সম্ভব হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘গুরুতর অসুস্থতার’ কথা জানিয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকালে পদত্যাগ করেন। মেয়াদপূর্তির ১ বছর ৯ মাস আগেই বিদায় নেন তিনি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

আইনমন্ত্রীর কাছে এক সাংবাদিক জানতে চান, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে । তিনি শুক্রবার গণমাধ্যমকে বলেছেন যে আর্টিকেল ৫১ অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা যায় না। কিন্তু তার অতীত কর্মকাণ্ডের জন্য এই মামলা হয়েছে। এক্ষেত্রে এই মামলাটি কি বিচার্য হবে, ব্যাখ্যা কী?

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে, তখন ব্যাখ্যা দেওয়া যাবে।’

আরেক সাংবাদিক প্রশ্ন রাখেন, পদত্যাগী মো. সাহাবুদ্দিন জুলাই আন্দোলনের সময় রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, তখন অনেকে মারা গেছেন, সেক্ষেত্রে তাকে দায়ী করা যাবে কি না?

আইনমন্ত্রী এর উত্তরে বলেন, ‘না, রাষ্ট্রপতিকে এখানে প্রটেকশন দেওয়া আছে। এটাতে রাষ্ট্রপতি প্রটেক্টেড।’

/এফসি/