শিরোনাম

শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ

যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা প্রধান গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা প্রধান গ্রেপ্তার
লেফটেন্যান্ট ম্যাথু মাহল। ছবি: সংগৃহীত

শিশুদের যৌন প্রলোভন ও পর্নোগ্রাফি সংগ্রহের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত নিরাপত্তা প্রধান এবং ওয়াশিংটন পুলিশের লেফটেন্যান্ট ম্যাথু মাহলকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দারা। মেরিল্যান্ডে পরিচালিত একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়ার পর আদালতের শুনানিতে প্রসিকিউটররা তাকে ‘ভেড়ার ছদ্মবেশে নেকড়ে’ হিসেবে আখ্যা দিয়েছেন। তদন্তকারীদের দাবি, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ৪৭ বছর বয়সি মাহল এক নাবালকের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন এবং শিশু যৌন নির্যাতন সংক্রান্ত উপকরণ সংগ্রহের জন্য নিয়মিত যোগাযোগ চালিয়ে যান।

হারফোর্ড কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, মাহল প্রায় এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম রেড্ডিটে একজন আন্ডারকাভার গোয়েন্দার সঙ্গে যোগাযোগ করেন। ওই গোয়েন্দা অনলাইনে নিজেকে ‘ন্যাট’ ছদ্মনামে ১৫ বছর বয়সী এক কিশোর হিসেবে পরিচয় দিয়ে মাহলের সঙ্গে কথা বলতেন। আদালতের নথিতে উঠে এসেছে, কথোপকথনের সময় আন্ডারকাভার কর্মকর্তা বারবার ওই কিশোরের অল্প বয়স ও অনভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করেছিলেন। অভিযোগপত্রে বলা হয়েছে, মাহল একাধিকবার স্বীকার করেছিলেন তিনি একজন নাবালকের সঙ্গেই কথা বলছেন, তবুও তিনি যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা ও ছবি পাঠানো অব্যাহত রাখেন।

পরবর্তীতে তিনি হারফোর্ড কাউন্টিতে গিয়ে ওই কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে সরাসরি সাক্ষাতের পরিকল্পনা করেন। তবে নির্ধারিত স্থানে পৌঁছানোর পরপরই ওত পেতে থাকা গোয়েন্দা কর্মকর্তারা তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় মাহল নিজেও তার পুলিশি পরিচয়ের কথা উল্লেখ করেছিলেন। এমনকি কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন, এমন কাজ করলে তার নিজের সবকিছু হারানোর ঝুঁকি রয়েছে এবং তিনি বড় বিপদে পড়তে পারেন, তবে ওই কিশোরের কিছু হবে না কারণ সে একটি শিশু।

মাহলের জামিন শুনানিতে প্রসিকিউটররা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে তার উচ্চপদস্থ অবস্থান এ অভিযোগকে আরও গুরুতর করে তুলেছে। কারণ পুলিশ সদস্যদের ওপর জনসাধারণের আস্থা থাকে এবং শিশুদের সুরক্ষা দেওয়া তাদের অন্যতম প্রধান দায়িত্ব। ঘটনার প্রেক্ষাপটে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট (এমপিডি) মাহলকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়ে তার পুলিশি ক্ষমতা প্রত্যাহার করেছে। বিভাগটি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগগুলো তাদের প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি এবং ফৌজদারি মামলার কার্যক্রম শেষ হলে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হবে।

উল্লেখ্য, ম্যাথু মাহল ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডিসি ফেটার্নাল অর্ডার অব পুলিশ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আদালত বর্তমানে তাকে জামিন ছাড়াই কারাগারে আটকে রাখার নির্দেশ দিয়েছে। যৌন সহিংসতার বিরুদ্ধে কাজ করা অধিকারকর্মীরা মনে করছেন, এ ঘটনা পুলিশের প্রতি জনমনে বিদ্যমান আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। যদিও যুক্তরাষ্ট্রে এমন অপরাধে অভিযুক্ত ইসরায়েলি নাগরিকদের কোনো পূর্ণাঙ্গ সরকারি পরিসংখ্যান নেই, তবে খোদ ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, সেখানে প্রতি বছর শত শত ব্যক্তি নাবালকদের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগে গ্রেপ্তার হচ্ছে।

সূত্র: প্রেস টিভি

/এমএকে/