শিরোনাম

ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা ট্রাম্পের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা ট্রাম্পের
হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে একটি মন্ত্রিসভার বৈঠকে ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আবারও সামরিক অভিযান শুরুর কথা জানিয়ে মার্কিন কংগ্রেসকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দোহাই দিয়ে শুরু হওয়া এ সংঘাতের বিষয়ে ১০ জুলাই আইনপ্রণেতাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেন তিনি। ট্রাম্পের নতুন এ পদক্ষেপের ফলে হোয়াইট হাউস কংগ্রেসের আগাম অনুমোদন ছাড়াই ইরানি ভূখণ্ডে আরও অন্তত ৬০ দিন সামরিক অভিযান পরিচালনার আইনি বৈধতা ও সুযোগ পেল।

প্রেসিডেন্ট ট্রাম্প এক চিঠিতে জানিয়েছেন, ৭ জুলাই থেকে শুরু হওয়া মার্কিন হামলাগুলো মূলত দেশ-বিদেশে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্বেরই অংশ। তবে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো তাদের প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের মধ্যকার এ দীর্ঘস্থায়ী ও অনিয়মিত সংঘাতের স্থায়ী সমাধান করা ট্রাম্পের জন্য কঠিন হয়ে পড়েছে এবং তেহরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি করতে না পেরে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অতিরিক্ত বৃদ্ধির আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন রিপাবলিকান পার্টির নেতারা। এই উদ্ভূত পরিস্থিতির মধ্যেই সোমবার (১৩ জুলাই) ইরানের ওপর সামরিক চাপ আরও বাড়ানোর ঘোষণা দিয়ে ট্রাম্প। তিনি জানান, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে পুনরায় কঠোর নৌ-অবরোধ আরোপ করবে এবং প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে সেখান দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল বা ফি ধার্য করবে ওয়াশিংটন।

আইনপ্রণেতাদের কাছে নোটিশটি মূলত ইরানের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরই পাঠানো হলো। চলতি বছরের এপ্রিলে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিটি উভয় দেশের হামলার কারণে শুরু থেকেই অত্যন্ত নড়বড়ে ছিল, যদিও ট্রাম্প প্রশাসন বারবার দাবি করে আসছিল পূর্ণাঙ্গ যুদ্ধ এখনো শুরু হয়নি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তেহরানের অব্যাহত শত্রুতার জবাবে গত এক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী ইরানের ৩০০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এমনকি সোমবারও মার্কিন কমান্ডারের সরাসরি নির্দেশনায় ইরানের ওপর অতিরিক্ত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টকম।

ট্রাম্পের এ যুদ্ধ ঘোষণার কারণে মার্কিন কংগ্রেসের যুদ্ধ বন্ধের চলমান প্রচেষ্টা আরও জটিল রূপ নিয়েছে। গত মাসে মার্কিন সিনেটে যুদ্ধ অবসানের পক্ষে ৫০-৪৮ ভোটে একটি প্রতীকী প্রস্তাব পাস হয়েছিল, যেখানে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। সিনেটর ডেভ ম্যাককর্মিক এবং মিচ বার্থেলোমিউ-এর অনুপস্থিতির কারণে প্রস্তাবটি পাস হয়েছিল। চিঠির শেষে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন, মার্কিন সামরিক বাহিনী ফিলিস্তিন বা ইরানের যেকোনো হুমকি মোকাবিলা করতে এবং তেহরান যেন মার্কিন মিত্রদের জন্য বড় কোনো বিপদ হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: পলিটিকো

/এমএকে/