শিরোনাম

বেলিংহামের মাঝে জিদানকে দেখছেন টেরি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বেলিংহামের মাঝে জিদানকে দেখছেন টেরি
ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম ও সাবেক অধিনায়ক জন টেরি (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। আসরে এখন পর্যন্ত ছয়টি গোল করে মিডফিল্ডারদের মধ্যে সবার ওপরে থাকার পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়েও যৌথভাবে তিন নম্বরে আছেন রিয়াল মাদ্রিদের এ তারকা। দলের গুরুত্বপূর্ণ সময়ে বেলিংহামের এভাবে জ্বলে ওঠায় উচ্ছ্বসিত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি। চেলসির এ সাবেক তারকার মতে, বেলিংহামের খেলা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কথা মনে করিয়ে দেয়।

সাবেক ইংলিশ অধিনায়কের বিশ্বাস, ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে জিনেদিন জিদান যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ঠিক একই ভূমিকা রাখছেন বেলিংহাম। টুর্নামেন্টের শুরু থেকেই এ তরুণ তুর্কির প্রতি মুগ্ধতা প্রকাশ করে আসা টেরি তাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে অভিহিত করেছেন। তার মতে, পুরো ইংলিশ দলকে একাই টেনে নিয়ে যাওয়ার মূল দায়িত্ব এখন বেলিংহামের কাঁধেই।

টেরি কেবল মাঠের পারফরম্যান্স নয়, বেলিংহামের পরিণত ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণেরও প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন, মাঠের বাইরেও বেলিংহাম অত্যন্ত শান্ত ও পরিপক্ব, যা চাপের মুখে একজন বড় নেতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ১৯৯৮ সালে জিদানের নেতৃত্বেই ফ্রান্স প্রথম বিশ্বকাপ জেতে এবং ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুটি গোল করেছিলেন তিনি। এরপর ২০০৬ সালেও দলকে ফাইনালে তুলেছিলেন এই ফরাসি কিংবদন্তি। টেরির দৃষ্টিতে, বেলিংহামের মধ্যেও বড় মঞ্চে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার এবং সতীর্থদের অনুপ্রাণিত করার সেই একই সামর্থ্য রয়েছে। আর তাই এই তরুণ মিডফিল্ডারকে কেন্দ্র করেই এখন আবর্তিত হচ্ছে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন।

/এমএকে/