শিরোনাম

‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সরজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড়ে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সড়কের ওপর বসে ও দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে বারবার শোনা যায়, ‘দফা এক, দাবি এক-মিলনের পদত্যাগ’। পাশাপাশি ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ এবং ‘কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’-এ ধরনের স্লোগানও দিতে দেখা যায়। অবরোধের কারণে ধানমন্ডি ও নিউমার্কেটের মধ্যকার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সারিতে আটকে থাকতে দেখা যায় বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সারা দেশের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করে অবমাননা করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত এবং প্রশ্নপত্রে ভুলের কারণ খুঁজে বের করা।

এদিকে, প্রায় একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, বরিশাল বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

/এসবি/