শিরোনাম

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার
ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ

জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালে তারা হজযাত্রীদের পরিবহন করতে চায়।

মঙ্গলবার (১৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিবের কাছে এমন প্রস্তাব দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

হজ প্যাকেজের একটি বড় অংশ বিমান ভাড়ায় খরচ হয়। এ বছর হজযাত্রীদের জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিঠি পেয়েছেন জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, হজের বিমান ভাড়া কমানোর দরকষাকষির আলোচনার জন্য এটি (ইউএস-বাংলার চিঠি) বাড়তি সুবিধা দেবে। বিষয়টি নিয়ে আলোচনা হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, সচিবকে দেওয়া চিঠিতে ইউএস-বাংলা জানিয়েছে, বাংলাদেশের স্বল্পআয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যেন আসন্ন হজ মৌসুমে স্বল্পব্যয়ে পবিত্র হজ পালন করতে পারে এর জন্য হজ ফ্লাইটের সব শর্ত মেনে নিট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক এয়ারলাইন্সটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স ও বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এয়ারলাইন্স হজ মৌসুমে প্রতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে।

জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, আমরা সব সময়ই হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও হজ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হবে। এরপর বিকাল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ প্যাকেজ ঘোষণার বিষয়ে আজকের সভায় ইউএস-বাংলার এয়ারলাইন্সের চিঠির বিষয়ে আলোচনা করবো।

তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে তাদের অনুমতি দিলে তারা সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নিয়ে আসবে। আমরাও চাই মানুষ যেন অল্প পয়সা খরচ করে হজে যেতে পারেন। এটা দরকষাকষির জন্য আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়েছে। বর্তমান সরকার হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের চেষ্টা আমাদের অব্যাহত আছে। হজের বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা হওয়াটা ভালো।

/এফসি/