শিরোনাম

আর্জেন্টিনা ম্যাচের আগে রাইসকে নিয়ে দোটানায় ইংল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা ম্যাচের আগে রাইসকে নিয়ে দোটানায় ইংল্যান্ড
ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ডেকলাইন রাইস

আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ সেমি-ফাইনালের আগে ইংলিশ শিবিরে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডফিল্ডার ডেকলাইন রাইসের অসুস্থতা। আটলান্টার গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এ তারকা ফুটবলার এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। তবে দলের অন্যতম প্রধান ভরসাকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন কোচ টমাস টুখেল।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এ ব্লকবাস্টার ম্যাচের রণকৌশল সাজাতে রাইসের ফিটনেসকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। এর আগে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন আর্সেনালের এ মিডফিল্ডার। সেই ম্যাচে শুরুর একাদশে থাকলেও ধুঁকতে থাকা রাইসকে দ্বিতীয়ার্ধে তুলে নিতে বাধ্য হন টুখেল। অবশ্য জুড বেলিংহামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে শেষ চারে পা রাখে থ্রি-লায়ন্সরা।

ম্যাচ শেষে টুখেল প্রকাশ করেন, নরওয়ে ম্যাচের আগে টানা তিন দিন বিছানায় কাটান রাইস। ধারণা করা হচ্ছে, মেক্সিকো সফরের সময় কোনোভাবে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে আশার কথা হলো, গত ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। ফলে লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজদের বিপক্ষে এ হাইভোল্টেজ ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হচ্ছে। জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচ খেলা রাইস চলতি আসরে পানামা ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচের শুরুর একাদশে ছিলেন। এমন বড় মঞ্চে মাঠে নামতে তিনি নিজেও মুখিয়ে আছেন। তবে বিবিসি জানিয়েছে, রাইস মাঠে নামার মতো অবস্থায় আছেন কিনা, তা দলের চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পরই চূড়ান্ত করবেন কোচ টুখেল।

/এমএকে/