শিরোনাম

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা
তালুকশিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা নদীর পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, উজানের ঢলে জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে ধরলা নদীর পানি তালুকশিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ১ দশমিক ০৯ সেন্টিমিটার এবং তিস্তা নদী কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির কারণে জেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বিশেষ করে নদীতীরবর্তী কৃষিজমি ও চরাঞ্চলের বাদামখেত পানির নিচে চলে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরবাধ এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে তার বাদামখেত ডুবে গেছে। ক্ষতি কমাতে বাধ্য হয়ে আগেভাগেই জমি থেকে বাদাম তুলে নিচ্ছি।

এদিকে, পানির চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন নদীতীরে ভাঙনও তীব্র আকার ধারণ করেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানের ঢলে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন মোকাবিলায় অতিঝুঁকিপূর্ণ ৬ কিলোমিটার এলাকার মধ্যে ৪ কিলোমিটারে কাজ চলছে। বাকি দুই কিলোমিটারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

/এসবি/