শিরোনাম

ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আনাদোলু এজেন্সি

ইরানের ওপর নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এমন অভ্যন্তরীণ আলোচনার খবর সামনে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে তার ছেলের বিয়েতে যোগ দেওয়ার সফর বাতিল করে ওয়াশিংটনে অবস্থানের ঘোষণা দেওয়ার পরই শুক্রবার (২২ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস ও অ্যাক্সিওস এ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।

সফর বাতিলের বিষয়ে ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি তার গভীর দায়িত্ববোধের কারণেই তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। এ গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসে থাকা তার জন্য অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

তবে মার্কিন গণমাধ্যমগুলো স্পষ্ট করেছে, ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রশাসন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এবং এ নিয়ে এখনো উচ্চপর্যায়ে আলোচনা চলছে। এ তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পাকিস্তানের সেনাপ্রধানকে জরুরি ভিত্তিতে তেহরানে পাঠানো হয়েছে। এদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাইলে তারা কোনো সাড়া দেয়নি। তবে সিবিএসের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তার পরিণতি কী হতে পারে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অত্যন্ত স্পষ্ট।

এর আগে শুক্রবার (২২ মে) সকালে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের পূর্বনির্ধারিত নিউ জার্সির গলফ রিসোর্ট সফর বাতিলের খবরটি নিশ্চিত করা হয়। সাধারণত নিউইয়র্ক সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হলেও, এবার ট্রাম্প কোনো প্রশ্নের উত্তর না দিয়েই হোয়াইট হাউসে ফিরে যান। অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েক দিন ধরে ইরান ইস্যুতে চলমান কূটনৈতিক আলোচনার ধীরগতি ও ফলাফল নিয়ে ট্রাম্প ক্রমেই চরম হতাশ হয়ে পড়ছেন।

সূত্র: সিবিএস নিউজ

/এমএকে/