গোপালগঞ্জে নাশকতার ছক, এসআরবি কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে নাশকতার ছক, এসআরবি কমান্ডার আটক
এসআরবি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে যে নাশকতা হয়েছে, তার পেছনে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের কিছু কর্মকর্তার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এইসব কর্মকর্তাদের উসকানিতে অদূর ভবিষ্যতে গোপালগঞ্জে আরও নাশকতার শঙ্কা রয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনও রয়েছে। এর জন্য ওই অঞ্চলের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তাণ্ডবে সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে এরই মধ্যে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাশকতায় উসকানিদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আটকের আগে আবুল হাসানকে এসআরবি-১১ ও সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে মামলা করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। শুধু এসআরবি নয়, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরও কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা এবং যৌথবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের আট জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

/আরএ/