শর্ত মেনে হলেও ইরান যুদ্ধ বন্ধে রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শর্ত মেনে হলেও ইরান যুদ্ধ বন্ধে রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ
ইরান যুদ্ধের বিরুদ্ধে মার্কিনিদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক ইরান যুদ্ধের বিরুদ্ধে বলে একাধিক জরিপে উঠে এসেছে। এবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ মার্কিন ভোটার। এমনকি যুদ্ধ বন্ধ করতে গিয়ে অনুকূল শর্ত ছাড় দিতে হলে তাতেও আপত্তি নেই তাদের। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথভাবে জরিপ চালিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ওই জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মার্কিন ভোটার যুদ্ধের শর্ত যা-ই হোক, এখনই সংঘাতের অবসান চান।

দলীয় সমর্থনের ভিত্তিতে এ প্রবণতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পার্টির ভোটাররা। জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এ হার মাত্র ২৫ শতাংশ।

যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরিতেও ডেমোক্র্যাটদের মধ্যে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। জরিপে ৫৩ শতাংশ ডেমোক্র্যাট সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অর্থায়ন বন্ধের পক্ষে মত দিয়েছেন। আর ৫১ শতাংশ মনে করেন, ডিসেম্বরের বাজেট আলোচনায় ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের দাবি তোলা উচিত। এ কারণে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি থাকলে তাতেও রাজি তারা।

যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে পরিচালিত এ জরিপে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ৩টি বিকল্প দেওয়া হয়েছিল। সেগুলো হলো- অবিলম্বে যুদ্ধ বন্ধ করা; সামরিক অভিযান আরও জোরদার করা এবং ইরানের কাছ থেকে ছাড় আদায়ে বর্তমান সামরিক অবস্থান বজায় রাখা।

জরিপে দেখা গেছে, ২১ শতাংশ মার্কিন ভোটার বর্তমান অবস্থান বজায় রাখার পক্ষে। আর যুদ্ধ আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন মাত্র ১৮ শতাংশ।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের যুক্তি দেখিয়ে যুদ্ধ চালানোর বিষয়েও সংশয় রয়েছে মার্কিনিদের। জরিপে মাত্র ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধের কারণে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের ক্ষেত্রে ইরান দুর্বল হয়ে পড়েছে।

অন্যদিকে জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২.৭ শতাংশ মনে করেন, জলপথটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/