শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ১২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ১২ শিশুর মৃত্যু
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

হামের প্রাদুর্ভাবে দেশে শিশু মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ শিশু। তাদের মধ্যে ঢাকায় ৫ জন, রাজশাহীতে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে একজন করে মৃত্যুবরণ করেন। আর হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটি ঢাকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৫২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত মোট ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৭৯ শিশু। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬।

/এফআর/