শিরোনাম

বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া ঠেকাতে জোট গঠনের আলোচনায় বিরোধীরা

সিটিজেন ডেস্ক
বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া ঠেকাতে জোট গঠনের আলোচনায় বিরোধীরা
থালাপাতি বিজয়। ছবি: সংগৃহীত

মাত্র দুই বছর আগে দল গঠন করে তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক দেখিয়েও সরকার গঠন করতে পারছেন না অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) পেয়েছে ১০৮টি। আর ডিএমকে পেয়েছে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন। কংগ্রেস পেয়েছে ৫টি আসন।

সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। তবে বিজয় নিজে দুটি আসনে জয় পাওয়ায় একটি আসন ছাড়তে হবে। ফলে কার্যকরভাবে তার দলের আসন দাঁড়াবে ১০৭টিতে। সে হিসেবে ১১ আসনে পিছিয়ে রয়েছে বিজয়ের দল।

এদিকে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পর্যাপ্ত সমর্থনের লিখিত প্রমাণ ছাড়া তিনি বিজয়কে সরকার গঠনের ডাক দেবেন না। এতে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

সরকার গঠনের জন্য কংগ্রেস বিজয়কে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। তবে তারা শর্ত দিয়েছে, কোনো সাম্প্রদায়িক শক্তি বা এনডিএ জোটের শরিককে সঙ্গে রাখা যাবে না। এই শর্তে কিছু সম্ভাব্য মিত্র দল আবার দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। এজন্য ডিএমকে ও এআইএডিএমকের সমর্থন পাওয়ার সম্ভাবনা নেই এই রাজনীতিবিদের।

অন্যদিকে, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে জোট গঠনের গুঞ্জন জোরালো হয়েছে। জানা গেছে, বিজয়ের উত্থান ঠেকাতে দুই দলই নেপথ্যে আলোচনা চালাচ্ছে। সব মিলিয়ে, তামিলনাড়ুর রাজনীতি এখন নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত বিজয় প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/