শিরোনাম

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ৮৯৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ৮৯৪
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৪ জনে। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। তাদের মধ্যে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রামে একজন করে শিশুর মৃত্যু হয়। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৮৭ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৮৮৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৮ হাজার ৭৭৮ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে।

এই সময়ে মোট ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/