শিরোনাম

যশোরে বিএনপি কার্যালয়ে ককটেল সদৃশ বস্তু

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
যশোরে বিএনপি কার্যালয়ে ককটেল সদৃশ বস্তু
ঘটনাস্থলে এসেছে থানা পুলিশ

যশোর শহরের পুরাতন কসবা এলাকার ঢাকা রোডে নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কার্যালয়ের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করতে গিয়ে একটি বেঞ্চ সরানোর সময় ইটের ফাঁকে কালো স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান। খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দিলে এসআই ফজলুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

যশোর সদর থানার এসআই ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে কার্যালয়ের ভেতরে এটি রেখে যেতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

/এসআর/