শিরোনাম

অলাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করছে ইন্দোনেশিয়া

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অলাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করছে ইন্দোনেশিয়া
ইনসেটে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

চলতি বছর ৭৫০টিরও বেশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সেইসঙ্গে ‘অলাভজনক’ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে তদন্তের জন্য একটি বিশেষ আদালত গঠনের সম্ভাবনাও বিবেচনা করছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সংসদে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

প্রাবোও বলেন, দেশে অনেক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো লোকসান করলেও সর্বদা লাভ দেখায়। যেগুলোর পুরোটাই মনগড়া।

তিনি বলেন, গত বছর রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার জন্য সার্বভৌম সম্পদ তহবিল ‘দানান্তারা’ প্রতিষ্ঠার পর আমরা জানতে পেরেছি, ইন্দোনেশিয়ায় ১ হাজার ৭৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। আমি ভেবেছিলাম ৩০০ বা ৪০০টি হবে। এসব প্রতিষ্ঠান অনেক সময় রাষ্ট্র ও জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ ছাড়াই নিজেদের মতো করে পরিচালিত হয়।

প্রেসিডেন্ট বলেন, এখন পর্যন্ত ২৯০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে সর্বোচ্চ ৩০০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রাবোও বলেন, ‘আমরা ৭৫০টির বেশি প্রতিষ্ঠান বন্ধ করব। শুধু সেসব প্রতিষ্ঠানই রাখব যেগুলো উৎপাদনশীল এবং জনগণের জন্য অতিরিক্ত মূল্য তৈরি করে।’

তিনি এই উদ্যোগকে বিশ্বের অন্যতম বৃহৎ, এমনকি সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় কর্পোরেট পুনর্গঠন হিসেবে উল্লেখ করেন।

প্রাবোও জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের উদ্যোগে এরই মধ্যে প্রায় ৫০ ট্রিলিয়ন ইন্দোনেশীয় রুপিয়া বা ২.৮ বিলিয়ন ডলারের বেশি ব্যয় সাশ্রয় হয়েছে। চলতি বছরের জন্য সরকারের লক্ষ্য ৭০ ট্রিলিয়ন রুপিয়াহ সাশ্রয় করা।

প্রাবোও বিগত ৩০ বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের কার্যক্রম তদন্তে একটি বিশেষ অ্যাডহক আদালত গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে যারা ভুল স্বীকার করে অনুশোচনা করবে, তাদের জন্য বিশেষ ক্ষমার বিষয়টিও বিবেচনা করছেন।

সূত্র: ব্যাংকক পোস্ট

/জেএইচ/