শিরোনাম

সিজেডএন টোয়েন্টিফোরে সংবাদ প্রকাশ, শনিবার থেকে অবসরসুবিধার টাকা পাবেন শিক্ষকরা

শেখ শাহরিয়ার হোসেন
শেখ শাহরিয়ার হোসেন
সিজেডএন টোয়েন্টিফোরে সংবাদ প্রকাশ, শনিবার থেকে অবসরসুবিধার টাকা পাবেন শিক্ষকরা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ব্যানার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ ভোগান্তির অবসান হতে যাচ্ছে। গত ২৫ জুলাই ‘অবসর ভাতা পেতে টেবিলে টেবিলে শিক্ষকরা’ শিরোনামে সিজেডএন টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রকাশের পর সরকারের হস্তক্ষেপে শনিবার (১৫ আগস্ট) থেকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মোট ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়া হবে। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন এবং কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী।

এর আগে, গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়। পরবর্তী সময়ে আবেদনকারীর সংখ্যা বাড়ায় আরও ৪ হাজার শিক্ষক-কর্মচারীকে এর আওতায় আনা হয়।

কল্যাণ ট্রাস্টের আওতায় প্রথম ধাপে শিক্ষক-কর্মচারীরা ২ লাখ ৩৯ হাজার টাকা করে পাবেন। এরপরও কারও বকেয়া থাকলে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে, অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেতে শিক্ষক-কর্মচারীদের বছরের পর বছর অপেক্ষা এবং ভোগান্তির চিত্র তুলে ধরে সিজেডএন টোয়েন্টিফোর। ‘অবসর ভাতা পেতে টেবিলে টেবিলে শিক্ষকরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাপ্য অর্থের জন্য এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরছেন। শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসে দিনের পর দিন বোর্ডের কার্যালয়ে অপেক্ষা করছেন। আবার প্রাপ্য অর্থ হাতে পাওয়ার আগেই কোনো কোনো শিক্ষক মৃত্যুবরণ করছেন।

শিক্ষকরা বলেন, চাকরি জীবনে নিয়মিত বেতন থেকে অবসর ও কল্যাণ তহবিলের জন্য অর্থ কেটে রাখা হলেও অবসরের পর সেই প্রাপ্য অর্থ পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে চিকিৎসা ও পারিবারিক ব্যয় বাড়লেও নিজেদের জমানো ও প্রাপ্য অর্থ হাতে না পাওয়ায় অনেকে আর্থিক সংকটে পড়ছেন।

এবার সরকারের নতুন উদ্যোগে প্রথম ধাপে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অর্থ পেতে যাচ্ছেন। দীর্ঘদিনের জমে থাকা সব আবেদন নিষ্পত্তি করতে পর্যায়ক্রমে আরও অর্থ ছাড় এবং কার্যকর ব্যবস্থাপনা প্রয়োজন হবে। প্রথম ধাপের অর্থ বিতরণের পর দীর্ঘদিন ধরে আটকে থাকা বাকি আবেদনগুলোরও দ্রুত নিষ্পত্তি হবে এবং অবসরজীবনে প্রাপ্য অর্থ পেতে আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এসবি/