শিরোনাম

সৌদি আরবের নতুন ঘোষণা, ২ খাতে কমছে প্রবাসীদের চাকরির সুযোগ

সৌদি আরবের নতুন ঘোষণা, ২ খাতে কমছে প্রবাসীদের চাকরির সুযোগ
সৌদি আরব। ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য শ্রমবাজার সংকুচিত করে মার্কেটিং ও সেলস (বিক্রয়) খাতে নিজ দেশের নাগরিকদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে সৌদি আরব।

সোমবার (১৯ জানুয়ারি) দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা করেছে, এই দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে অন্তত ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী রয়েছে তাদের মোট জনবলের ৬০ শতাংশই স্থানীয় নাগরিক দিয়ে পূরণ করতে হবে। এর মধ্যে মার্কেটিং খাতে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ পদের মতো গুরুত্বপূর্ণ পদগুলো অন্তর্ভুক্ত।

অপরদিকে, সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞের মতো পদগুলোতেও সৌদি নাগরিকদের সংখ্যা বাড়ানো হচ্ছে। সরকারি এই সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে দেশজুড়ে কার্যকর হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব পদে নিযুক্ত সৌদি নাগরিকদের মাসিক ন্যূনতম বেতন হবে ৫,৫০০ রিয়াল। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দেশটির বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের জন্য আরও আকর্ষণীয় করা এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা।

এর ফলে মার্কেটিং ও সেলস পেশায় নিয়োজিত কয়েক লাখ প্রবাসী কর্মী বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সৌদি গ্যাজেটের বরাত দিয়ে জানা গেছে, শ্রমবাজারের মানোন্নয়ন এবং মানসম্পন্ন কাজের সুযোগ তৈরি করার লক্ষ্যেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দীর্ঘদিনের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন খাতে প্রবাসীদের বদলে নিজস্ব জনবল নিয়োগের এই ‘সৌদিকরণ’ প্রক্রিয়া এখন আরও জোরালো হলো।

সূত্র: সৌদি গ্যাজেট

/জেএইচ/