শিরোনাম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সিটিজেন ডেস্ক
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
রিয়াদের একটি সড়ক। ছবি: সংগৃহীত

জীবিকার সন্ধ্যানে সৌদি আরবে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশি যুবক। দেশটির রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরদার ফরিদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অব রশিদ। নিহত সরদার ফরিদ দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা আবু তালেব সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর (২ বছর ৯ মাস) আগে সৌদি আরবে পাড়ি জমান ফরিদ। এতোদিন স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকালে সৌদি আরব থেকে একটি ফোনকল পান ফরিদের বাবা। তখনই ছেলে ফরিদের মৃত্যুর খবরটি জানানো হয়। বলা হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ প্রাণ হারিয়েছেন। দীর্ঘ ২০ দিন পর ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের বাবা আবু তালেব জানান, সৌদি আরবের একটি কফিশপে কাজ করত ফরিদ। প্রায় ২০ দিন আগে ছেলের সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার বিকেলে ছেলের মৃত্যুর খবর পেয়েছি। আমার আদরের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, পরিবারের চাহিদা মোতাবেক মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/জেএইচ/