শিরোনাম

জরুরি ভিত্তিতে ৬০ হাজার শিক্ষক প্রয়োজন: শিক্ষামন্ত্রী

সিলেট সংবাবদাতা
জরুরি ভিত্তিতে ৬০ হাজার শিক্ষক প্রয়োজন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

আমাদের জরুরি ভিত্তিতে প্রায় ৬০ হাজার শিক্ষকের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষানুরাগী ব্যক্তি যদি স্কুল স্থাপনের জন্য জমি প্রদান করেন। তাহলে মন্ত্রণালয় নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণ করবে এবং প্রতিষ্ঠানটি ওই দাতার নামানুসারে নামকরণ করা হবে।

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ১৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর এসব স্কুল ভেঙে ফেলেছে। সরকারি নিয়ম অনুযায়ী আমরা তাদের কাছ থেকে টাকা নিব এবং স্কুল করবো।

শিক্ষামন্ত্রী বলেন, আমার জরুরি ভিত্তিতে প্রায় ৬০ হাজার শিক্ষকের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক নিয়োগ দিতে পিএসসি গ্রেড লক হয়ে আছে। ঠিক তেমনিভাবে আমার মাধ্যমিক স্কুলেও একই অবস্থা রয়েছে। সেখানে, ৭ হাজার তো খালি রয়েছেই, একই সময়ে যারা অবসরে যাচ্ছেন প্রায় ১০ হাজার শিক্ষক। কলেজের ক্ষেত্রেও তাই। এগুলো নিয়ে পুরো ব্যাক লগ হয়ে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিপুল অঙ্কের অর্থে অনিয়ম হওয়ায় বর্তমানে শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত তহবিল নেই। তবে দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে কাজ করছে সরকার। আগামী বাজেটে কল্যাণ ট্রাস্টের জন্য থোক বরাদ্দ রাখার চেষ্টা করা হবে।

মন্ত্রী বলেন, অবসরে যাওয়া অনেক শিক্ষক অসুস্থ অবস্থায় বছরের পর বছর আবেদন করেও তাদের প্রাপ্য অর্থ পাননি। অর্থের সংকটে অনেককে সন্তানের কাছে হাত পাততে হয়েছে। এমনকি চিকিৎসার ব্যয় বহন না করতে পেরে অনেক শিক্ষক মৃত্যুবরণও করেছেন।

/এসবি/