শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কবে

সিটিজেন ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কবে
ছুটি শেষে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী সপ্তাহের রবিবার (৭ জুন) থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হচ্ছে। প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষার্থীরা।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে এসব প্রতিষ্ঠানে ২৪ মে থেকে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হবে বৃহস্পতিবার (৪ জুন)। তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৭ জুন (রবিবার) পুনরায় খুলবে প্রতিষ্ঠানগুলো।

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করেছে। ২৪ মে থেকে ছুটি শুরু হলেও ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। কারণ ২২ ও ২৩ মে ছিল সাপ্তাহিক ছুটি।

অন্যদিকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোর ছুটি আরও দীর্ঘ। এসব প্রতিষ্ঠানে ২৪ মে থেকে ছুটি শুরু হয়েছে, চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসাগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

সে হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ যাপন করছে।

/জেএইচ/