শিরোনাম

দাবি না মানায় শ্রমিকদের লাগাতার ধর্মঘট চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক
দাবি না মানায় শ্রমিকদের লাগাতার ধর্মঘট চট্টগ্রাম বন্দরে
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে লাগাতার ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন।

ধর্মঘট চলায় জেটিগুলোতে পণ্য ও কনটেইনার ওঠানামা বন্ধ রয়েছে। ডেলিভারি কার্যক্রমও স্থবির হয়ে আছে। সকাল থেকে বন্দরে পণ্য পরিবহনে ব্যবহৃত কোনো যানবাহন প্রবেশ করেনি।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসন আন্দোলন দমাতে ভিন্ন পথ অবলম্বন করছে। বন্দর এলাকায় বিপুল পরিমাণ পুলিশ, সেনাবাহিনীর সদস্য মোতয়েন রয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন বলেন, ‘সকাল থেকেই আমাদের ধর্মঘট চলছে, কোথাও কোনো কাজ হচ্ছে না। শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেননি। শামসু মিয়া ও আবুল কালাম আজাদ নামে আমাদের দুজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়েছে বলে খবর পেয়েছি।’

এনসিটি পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে তারা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন চালিয়ে যান। গত মঙ্গলবার থেকে সংগ্রাম পরিষদ লাগাতার কর্মবিরতি শুরু করেন।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তার সঙ্গে বৈঠকের পর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ দুইদিনের জন্য কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন।

গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সংগ্রাম পরিষদের নেতারা রবিবার সকাল ৮টা থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেয়। তাদের দাবিগুলো হচ্ছে– আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা না নেওয়া এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করা।

/এসআর/