শিরোনাম

থানার কোয়ার্টারে মিললো পুলিশ সদস্যের মরদেহ

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
থানার কোয়ার্টারে মিললো পুলিশ সদস্যের মরদেহ
এসআই আজিজুল হক।

চট্টগ্রামের লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কোয়ার্টারে তার কক্ষের বিছানা থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায় মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি ৩২ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা আজিজুল হককে ফোনে না পেয়ে থানার কোয়ার্টারে তার কক্ষে যান। পরে নিজ বিছানায় আজিজুল হককে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, তাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আজিজুল হকের মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে সে বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিল।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, লোহাগাড়া থানার এসআই আজিজুল হক স্ট্রোক করে মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/