শিরোনাম

চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানে হামলায় গ্রেপ্তার ৮

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানে হামলায় গ্রেপ্তার ৮
গত ১৩ জুলাই চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

দুই কোটি টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও পঁয়ত্রিশ লাখ টাকা লুটের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকাল তিনটায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চকবাজার থানা ও ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো– নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন ওয়াজেদিয়া এলাকার মৃত মো. সামছু মিয়ার ছেলে মো. ইউনুস (৪১), পাঁচলাইশ থানাধীন মোমিনবাগ এলাকার ইব্রাহিমের ছেলে ইমরান হোসেন চ্যাং (৩১), বাকলিয়া থানাধীন শান্তিনগর বগারবিল এলাকার মো. ইউসুফ হোসেন সরকারের ছেলে আকবর হোসেন (২৪), সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. সুমন (২৭), বাকলিয়া থানাধীন মাস্টারপুল বৌ বাজার এলঅকার আমির হোসেনের ছেলে মো. মনির প্রকাশ কেহেরমান (৩৮), চকবাজার থানাধীন বগারবিল পোড়াকলোনি এলাকার মফিজ মিয়ার ছেলে মো. গিয়াস উদ্দিন (২১), বাকলিয়া থানাধীন শান্তিনগর বগারবিল এলাকার মৃত বেনা মিয়ার ছেলে মো. নয়ন (২০) এবং বাকলিয়া থানাধীন পশ্চিম বাকলিয়া এলাকার মো. আবদুস ছাত্তারের ছেলে মোহাম্মদ আবদুল নাহিদ প্রকাশ ফরহাদ (২৮)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে চার থেকে পাঁচটি করে মামলা রয়েছে।

এর আগে, গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ‘ডিজিটাল ডটনেট’ নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দিনে-দুপুরে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা নগদ ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী প্রতিষ্ঠানটির দাবি, ঘটনার দুইদিন আগে, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ‘ডেবিড ইমন’ পরিচয়ে হোয়াটসঅ্যাপে কল করে ভয়ভীতি দেখানো হয়। এ সময় সন্ত্রাসীরা এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া অফিসের ড্রয়ারে থাকা নগদ ৪৭ হাজার টাকা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং প্রতিষ্ঠানের পরিচালক আরিফুল ইসলামের কাঁধে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন প্রদানের জন্য রাখা ৩৫ লাখ টাকা ছিল। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।

/এফআর/