শিরোনাম

কয়লা না পুড়িয়েই উৎপাদন হবে বিদ্যুৎ

সিটিজেন ডেস্ক
কয়লা না পুড়িয়েই উৎপাদন হবে বিদ্যুৎ
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের উদ্বেগের মধ্যে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের এক যুগান্তকারী প্রযুক্তির প্রস্তাব দিয়েছে চীনা প্রকৌশলীরা। নতুন এই পদ্ধতিতে কয়লা পুড়িয়ে ধোঁয়া তৈরির পরিবর্তে সরাসরি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে বিদ্যুৎ। যা কার্বন নির্গমনকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনবে।

প্রচলিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয় এবং সেই তাপে পানি ফুটিয়ে স্টিম বা বাষ্পের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়। এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ও ক্ষতিকারক গ্যাস নির্গত হয়।

তবে অধ্যাপক সিয়ে হ্যপিংয়ের উদ্ভাবিত জেডসি-ডিসিএফসি পদ্ধতিতে কয়লার রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ-রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুতে রূপান্তর করা হয়। এতে কোনো দহন বা পোড়ানোর প্রক্রিয়া না থাকায় বায়ুদূষণের ঝুঁকি থাকে না।

বর্তমানে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের আধুনিকতম পদ্ধতি ‘ইন্টিগ্রেটেড গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল’ (আইজিসিসি)।

গবেষকরা দেখিয়েছেন, আইজিসিসি পদ্ধতিতে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ৮০০ গ্রামের বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় এবং এর শক্তি রূপান্তর দক্ষতা মাত্র ৪৫ শতাংশ। এ নতুন প্রযুক্তিতে কার্বন নির্গমন প্রায় শূন্য এবং এটি প্রচলিত পদ্ধতির চেয়ে অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর।

গবেষকদের, পৃথিবীর ওপরের স্তরের কয়লা ফুরিয়ে আসায় এখন গভীর ভূগর্ভস্থ কয়লার দিকে নজর দিতে হচ্ছে। এই নতুন প্রযুক্তি ব্যবহার করে মাটির গভীরে থাকা বিশাল কয়লা সম্পদকে পরিবেশের ক্ষতি না করেই ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর করা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি যদি বাণিজ্যিকভাবে সফল হয়, তবে উচ্চ-কার্বন নির্গমনকারী কয়লা হবে ভবিষ্যতের অন্যতম প্রধান পরিবেশবান্ধব জ্বালানি। এটি শুধু চীনের নয়। বরং সারাবিশ্বের বিদ্যুৎ খাতের ভোল পাল্টে দিতে পারে।

/এসবি/