শিরোনাম

‘এভারেস্ট জয়’ করতে চান ইতালির কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
‘এভারেস্ট জয়’ করতে চান ইতালির কোচ
প্লেঅফ ফাইনালে ওঠার পথে গোল করেন সান্দ্রো টোনালি। ছবি: সংগৃহীত

আগের দুই ফুটবল বিশ্বকাপে খেলতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বাছাইপর্ব পেরোতে না পারায় এবার তাদের এখন প্লে-অফ খেলতে হচ্ছে। যেখানে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে আজ্জুরিরা।

বিশ্বকাপে ফেরার পথে ইতালির সামনে এখন শেষ বাধা বসনিয়া ও হার্জেগোভিনা। মঙ্গলবার (৩১ মার্চ) জেনিৎসায় অনুষ্ঠিত হতে যাওয়া প্লে-অফ ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হবে ইতালি।

কোচ জেন্নারো গাত্তুসো এই ম্যাচটিকে এভারেস্ট বলে উল্লেখ করেছেন।

গাত্তুসো বলেন, খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন তিনি, বরং ফলাফলই গুরুত্বপূর্ণ।

গোত্তুসো আত্মবিশ্বাসী হলেও সতর্কতার সঙ্গেই ফেলছেন পা। ‘এখন আমরা এই ফাইনাল খেলতে যাচ্ছি। আমরা জানি ম্যাচটা কঠিন হবে, তবে আগেই সেটা বুঝেছিলাম। আমরা যে চাপ অনুভব করছি, প্রতিপক্ষও একই চাপ অনুভব করবে।’

বসনিয়ার লক্ষ্য জাতিকে খুশি করা। সে কথাই বলছেন কোচ সারবেগ বারবারেজ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জাতিকে খুশি করা। আমরা জানি, ফুটবলে দীর্ঘদিন ধরে আমরা খারাপ সময় পার করছি। কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে আসার সূচনা আমরাই করতে পারি।’

এদিকে বসনিয়ার অভিজ্ঞ খেলোয়াড় এডেন জেকো বলেন, ‘ইতালির বিপক্ষে কে ফেভারিট বলা কঠিন। আমরা ঘরের মাঠে খেললেও তারা অবশ্যই ফেভারিট। এটা শুধু আমার জন্য নয়, নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্যও অনেক বড় কিছু হবে। দলে অনেক গুণসম্পন্ন খেলোয়াড় আছে এবং তাদের ক্যারিয়ারের জন্যও এটি অসাধারণ হবে। আশা করি আমরা তা অর্জন করতে পারবো।’

/টিই/