শিরোনাম

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কবে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কবে
২০২৬ বিশ্বকাপ শুরু ১১ জুন থেকে। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে উজবেকিস্তান। ৪০ জনের স্কোয়াড দিয়েছে তারা। এখান থেকে নির্বাচন করা হবে চূড়ান্ত দল। কাতারের মতো আসন্ন টুর্নামেন্টেও প্রত্যেক দলকে চূড়ান্ত স্কোয়াডে নিতে হবে ২৩ থেকে সর্বোচ্চ ২৬ খেলোয়াড়। কবে এই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে, দলে পরিবর্তনে নিয়ম কেমন।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। ২ জুন ৪৮ দেশের ২৬ জন খেলোয়াড়ের স্কোয়াড ঘোষণা করবে ফিফা।

ইতোমধ্যে ৩৫ থেকে ৫৫ জন খেলোয়াড়ের একটি স্কোয়াড প্রত্যেক দেশ জমা দিয়েছে বিশ্ব ফুটবল সংস্থার কাছে। সেখানে বাধ্যতামূলক চারজন গোলকিপার রাখা হয়েছে। তবে অন্তত তিন গোলকিপারকে রেখে ৪৮ দলের প্রত্যেকে স্কোয়াড চূড়ান্ত করবে।

এই দল থেকে খেলোয়াড় পরিবর্তন করা যাবে, তবে সেই বদলি খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক স্কোয়াড থেকে আনতে হবে। গুরুতর ইনজুরি বা অসুস্থতার কারণে এই পরিবর্তনের অনুমতি দেবে ফিফা। এই পরিবর্তনের শেষ সময় হবে বিশ্বকাপে সেই দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে।

জাতীয় দলগুলো যে কোনো সময় তাদের স্কোয়াড ঘোষণা করতে পারবে, কিন্তু ২ জুন ফিফা চূড়ান্ত দল ঘোষণার আগে তা আনুষ্ঠানিক হিসেবে বিবেচিত হবে না।

বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের বিশ্রাম, প্রস্তুতি ও বাধ্যতামূলক অব্যাহতি শুরু হবে তাদের ক্লাবের সঙ্গে অফিসিয়াল ম্যাচ শেষ হওয়ার পরের দিন অর্থাৎ ২৫ মে থেকে।

তবে যেসব খেলোয়াড় ক্লাবের হয়ে মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার ফাইনালে অংশ নেবে, ফিফার অনুমতি সাপেক্ষে তাদের ছাড়পত্র দেওয়া হবে ৩০ মে থেকে।

/টিই/