শিরোনাম

মার্কিন বিমান হামলায় ইরানি নৌবাহিনীর ৬ সদস্য নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন বিমান হামলায় ইরানি নৌবাহিনীর ৬ সদস্য নিহত
বিমান হামলায় ইরানি নৌবাহিনীর ৬ জন সদস্য নিহত হয়েছেন

চলতি সপ্তাহে নতুন করে শুরু হওয়া উত্তেজনার জেরে ইরানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় ইরানি নৌবাহিনীর ছয় সদস্যসহ অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মার্কিন হামলায় নৌবাহিনীর ৬ সদস্য নিহত হন। তবে তারা ঠিক কোন স্থানে মারা গেছেন, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুই রাত আগে ১লা সেপ্টেম্বর দেশের দক্ষিণে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর চালানো হামলায় ইসলামিক প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনী ও নৌবাহিনীর ছয় সদস্য শহীদ হয়েছেন।

ইরানের সরকারি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার টানা দুই দিন দেশজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) চার সদস্য নিহত হন।

পাশাপাশি পারস্য উপসাগরের লাভান দ্বীপে তিন আধাসামরিক সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় চার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে খুজেস্তানে আগে ঘোষিত সাতজন নিহতের তালিকার মধ্যেই নৌবাহিনীর এ ছয় সদস্য ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/