শিরোনাম

বার্সার বিপক্ষে ম্যাচটি তরেসের কাছে স্পেশাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বার্সার বিপক্ষে ম্যাচটি তরেসের কাছে স্পেশাল
ফেরান তরেস

বার্সেলোনায় সাড়ে ৪ বছর ছিলেন ফেরান তরেস। তার নতুন ঠিকানা পিএসজি। তবে আগামী মাসেই সাবেক ক্লাবের মুখোমুখি হতে হবে তাকে। স্পেনের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বলছেন, তার জন্য বিশেষ ম্যাচ হবে এটি।

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোল করা তরেস আগস্ট মাসে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেন পিএসজিতে।

পিএসজির হয়ে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন তরেস। ২৬ বছর বয়সী তারকা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্যারিসে সময়টা তিনি উপভোগ করছেন।

তরেস বলেন, ‘সত্যি বলতে, সবকিছু খুব ভালোই চলছে। এখনও আমার সতীর্থদের সঙ্গে মানিয়ে নিচ্ছি, আর এখানে আমার আসার পেছনে লুইস এনরিকে ও লুইস কাম্পোস (পিএসজির ক্রীড়া পরিচালক), দুজনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা আমার ওপর যে আস্থা দেখিয়েছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ।’

পিএসজির সঙ্গে কখন যোগাযোগ শুরু হয়েছিল, সেটিও জানালেন তরেস। তিনি বলেন, ‘বিশ্বকাপেরও আগে যোগাযোগ শুরু হয়। তারা আমাদের ফোন করেছিল এবং আমরা কথা বলছিলাম।’

চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি।

এ নিয়ে তরেস বলেন, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি স্পেশাল হবে। তারা (বার্সেলোনার খেলোয়াড়রা) সাড়ে চার বছর আমার সতীর্থ ছিল। আমার ও দলের জন্য রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। পিএসজি-বার্সেলোনা ম্যাচগুলো সবসময়ই স্পেশাল।’

পিএসজির টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জয়ের বিষয়টি সামনে এনে তরেস বলেন, ‘পিএসজি বর্তমানে ইউরোপের সেরা দল। তারা গত দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর এটা আমাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর আরও চাপ সৃষ্টি করে। আমাদের উন্নতি করতে হবে। আমরা টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করব।’

/টিই/