শিরোনাম

মেসির জন্য বিশেষ উপহারের ঘোষণা কেপ ভার্দে প্রেসিডেন্টের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির জন্য বিশেষ উপহারের ঘোষণা কেপ ভার্দে প্রেসিডেন্টের
লিওনেল মেসি ও কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই শেষ বত্রিশে জায়গা করে নিয়ে বিশ্ব ফুটবলে এক অবিশ্বাস্য রূপকথা তৈরি করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে নকআউট পর্বে ওঠা দলটির সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ৩ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় তারা মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

তবে মাঠের এ অসম লড়াইয়ের আগেই ফুটবলবিশ্বের নজর কেড়েছে লিওনেল মেসির প্রতি কেপ ভার্দের অকৃত্রিম ভালোবাসার এক অনন্য নিদর্শন। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস ঘোষণা দিয়েছেন, আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানাতে তারা কেপ ভার্দে জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দিতে চান।

আর্জেন্টিনার জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নেভেস বলেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সিটি নিশ্চিত করতে তিনি নিজে সর্বোচ্চ চেষ্টা করবেন। মেসির প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে তিনি আরও জানান, কেপ ভার্দেতে মেসি অত্যন্ত সম্মানিত এবং সেখানকার মানুষের কাছে তিনি এক বিশাল অনুপ্রেরণা। দেশটির বহু মানুষের চোখেই মেসি বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব ও নিখুঁত রূপের এক চমৎকার প্রতিচ্ছবি।

ফুটবল মহাযজ্ঞে কেপ ভার্দের এ পথচলাও ছিল বেশ চমকপ্রদ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পরাশক্তি স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে হইচই ফেলে দেয় দলটি। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে তারা। গোলরক্ষক ভোজিনিয়ার দুর্দান্ত ও লড়াকু নৈপুণ্যে ভর করে অন্যতম সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে শেষ বত্রিশের টিকিট কাটে আফ্রিকার দলটি।

/এমএকে/