শিরোনাম

চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল
আসলাম চৌধুরী।

ঋণখেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে থেকে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ১৫ জুন দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য এই দিনটি ধার্য করেছিলেন আপিল বিভাগ।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অপরদিকে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

জানা গেছে, মামলার প্রেক্ষাপট ও আইনি জটিলতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা ঋণখেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার মনোনয়নপত্র নিয়ে শুরু থেকেই জটিলতা তৈরি হয়। যদিও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিল, তবে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করে। হাইকোর্ট সেই রিট খারিজ করে দিলে ব্যাংকটি আপিল বিভাগে আবেদন জানায়।

একই সময়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও ‘লিভ টু আপিল’ দায়ের করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সেই আবেদন মঞ্জুর করে আসলাম চৌধুরীকে নির্বাচন করার সুযোগ দিলেও একটি শর্ত জুড়ে দেন। আদালত আদেশ দেন যে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে এবং কোনো ফলাফল প্রকাশ করা যাবে না।

নির্বাচনী ফলাফল ও বর্তমান অবস্থা আদালতের অনুমতি নিয়ে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আইনি জটিলতা ও আপিল বিভাগের স্থগিতাদেশের কারণে এখন পর্যন্ত এই আসনের আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়নি।

তবে আজ আপিল বিভাগের রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হওয়ায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।

/এফআর/