শিরোনাম

মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের কারাদণ্ড
হাসানুল হক ইনু (মাঝে)

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইনু।

এর আগে দুপুর ১টা ৪২ মিনিটে মামলার একমাত্র আসামি ইনুকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এর ১০ মিনিট পর ২১১ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন পড়েন ট্রাইব্যুনাল-২ এর দ্বিতীয় সদস্য বিচারক শাহরিয়ার কবীর। রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার করা হয়েছে।

এর আগে, ১৪ মে মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর থেকে মামলাটি রায়ের অপেক্ষায় ছিল। ২২ জুন রায়ের দিন ধার্য হয়। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। তিনি কারাগারে আছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনা এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। গত বছর ২৫ মার্চ তদন্ত শুরু হয়। ওই বছর ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। একই বছর ২ নভেম্বর অভিযোগ গঠন করে জাসদ সভাপতির বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনি এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোনে কল করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ রয়েছে।

/জেএইচ/