শিরোনাম

পররাষ্ট্র বাজেট কমালে দূতাবাস বন্ধ করে দিতে হবে: খলিলুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র বাজেট কমালে দূতাবাস বন্ধ করে দিতে হবে: খলিলুর
জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রস্তাবিত বাজেট থেকে কমানো হলে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে। সেখানে লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত ১৬ নম্বর মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। যদিও রীতি অনুযায়ী বিরোধী দলের সদস্যরা বাজেটের ছাঁটাই প্রস্তাবে মন্ত্রণালয়ের বরাদ্দ হ্রাস করার প্রস্তাব করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত ১৬ নম্বর দাবি হ্রাস করে ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। এতে প্রবাসীদের সেবা বন্ধ হয়ে যাবে এবং জাতিসংঘে চাঁদা দেওয়া সম্ভব হবে না। চাঁদা দিতে না পারলে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা মঞ্জুরির প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে চলা বৈঠকে জানানো হয়, এই দাবির ওপর ২৬ জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। তাদের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, রংপুর-১ আসনের মো. রায়হান সিরাজী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ বক্তব্য দেন।

ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল ও জটিল বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশে দূরদর্শী ও সক্রিয় কূটনীতির ওপর নির্ভর করে। আমাদের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট’। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে এই নীতির উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি’।

খলিলুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করার কৌশলগত বিনিয়োগ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার কোটি টাকা এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা, যা বাংলাদেশের প্রায় দ্বিগুণ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রাক্কলন করা হয়েছে ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ১ হাজার ৬১০ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ২৩৪ কোটি ৪৩ লাখ টাকা। গত বছরের তুলনায় এই বরাদ্দ ৪ দশমিক ৫৩৬ শতাংশ বেশি।

/এফসি/