শিরোনাম

বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ দিলেন আলিসন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ দিলেন আলিসন
ফেবারিট তকমা ব্রাজিলের জন্য বাড়তি চাপ আলিসন

বিশ্বকাপে বাংলাদেশ সব সময়ই যেন না থেকেও থাকে। বিশ্বমঞ্চে কখনো না খেললেও বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় উন্মাদনা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা দলকে নিয়ে এখানকার ফুটবলপ্রেমীদের উন্মাদনা হারা মানায় যেকোনো দেশকেই। এবারের বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম আর সামাজিক যোগাযোগমাধ্যমের দৌলতে বাংলাদেশের মানুষের এই আর্জেন্টিনা-ব্রাজিলপ্রীতির খবর পৌঁছে গেছে দুই দলের খেলোয়াড়দের কাছেও। সে কারণেই তো আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর জাপান ম্যাচ শেষে বাংলাদেশ নিয়ে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকারও।

গতকাল রাতে রাউন্ড অব বত্রিশের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জয়ের উল্লাসে মেতে উঠেছে বাংলাদেশও। এমন সময়ে আলিসনের এই ভালোবাসার বার্তা বাংলাদেশের ব্রাজিল ভক্তদের হয়তো আরও উদ্বুদ্ধ করবে।

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসকে ব্রাজিলের গোলকিপার আলিসন বলেছেন, ‘আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ বাংলাদেশ। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

জাপানের বিপক্ষে ব্রাজিলকে সমতায় ফেরানো কাসেমিরোও ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনেজ বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।’

/আরএ/