শিরোনাম

নকআউট ম্যাচের আগে স্বস্তিতে আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নকআউট ম্যাচের আগে স্বস্তিতে আর্জেন্টিনা
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো

কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তি পেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন রক্ষণভাগের মূল স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো। শেষ ষোলোর এ ম্যাচে শুরু থেকেই তার মাঠে নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে এবারের আসরের চমক জাগানিয়া দল কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এ বাঁচা-মরার লড়াইয়ের আগে ২৮ বছর বয়সী এ সেন্টার ব্যাকের দলে ফেরা কোচ লিওনেল স্কালোনির বড় এক দুশ্চিন্তা দূর করল। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রোমেরোকে।

চোটের কারণে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি। ওই ম্যাচে ৩-১ ব্যবধানের জয়ের দিনে রোমেরোর জায়গায় প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। তবে জর্ডান ম্যাচের পরেই কোচ লিওনেল স্কালোনি আশাবাদ ব্যক্ত করেছিলেন, নকআউট পর্বের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তার এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। কোচের সেই আস্থার প্রতিদান দিয়েই সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটির অনুশীলনে দলের বাকিদের সঙ্গেই পুরোদমে ঘাম ঝরিয়েছেন রোমেরো। এর আগে রবিবার (২৮ জুন) অবশ্য গোটা দল বিশ্রামে ছিল। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই জয় নিয়ে শেষ ৩২ নিশ্চিত করা আর্জেন্টিনার জন্য রোমেরোর এই ফেরা রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

/এমএকে/