শিরোনাম

টাইব্রেকারে হেরে নেদারল্যান্ডসের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টাইব্রেকারে হেরে নেদারল্যান্ডসের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
নেদারল্যান্ডস ফুটবল দল

গ্রুপপর্বে যৌথভাবে সর্বোচ্চ ১০ গোল করে ছন্দে থাকা নেদারল্যান্ডসের বিশ্বকাপ যাত্রা থমকে গেল শেষ বত্রিশেই। মরক্কোর বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকার ভাগ্যে কপাল পুড়ল ডাচদের। পেনাল্টি শ্যুটআউটের হারে বিশ্বমঞ্চে সবচেয়ে বেশিবার টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ল নেদারল্যান্ডস।

এ নিয়ে সর্বশেষ তিন বিশ্বকাপেই পেনাল্টি শ্যুটআউটে থামল ডাচদের প্রথম বিশ্বসেরা হওয়ার স্বপ্ন। এর আগে ২০১৪ আসরের সেমিফাইনাল এবং ২০২২ আসরের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। অবশ্য ২০১৮ বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। তারও আগে ১৯৯৮ সালের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষেও একই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ডাচ শিবিরের। সবমিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ চারবার টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার যে রেকর্ডটি এতদিন এককভাবে স্পেনের দখলে ছিল, এবার তাতে ভাগ বসাল নেদারল্যান্ডস।

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও চারবার পেনাল্টি শ্যুটআউটে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয়, যার সর্বশেষটি ছিল গত আসরের শেষ ষোলোতে এ মরক্কোর কাছেই। এছাড়া ১৯৮৬ সালে বেলজিয়াম, ২০০২ সালে দক্ষিণ কোরিয়া এবং ২০১৮ আসরে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হৃদয় ভেঙেছিল স্প্যানিশদের। তবে ২০০২ বিশ্বকাপে বিদায়ের আগের ম্যাচে আয়ারল্যান্ডকে টাইব্রেকারেই হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল স্পেন।

পেনাল্টি শ্যুটআউটের এ ভাগ্যপরীক্ষায় বিশ্বমঞ্চে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা সাতটি টাইব্রেকারের মুখোমুখি হয়ে ছয়টিতেই জিতেছে, বিপরীতে হেরেছে মাত্র একটিতে। অন্যদিকে ক্রোয়েশিয়া ও জার্মানি সমান চারটি করে শ্যুটআউটে অংশ নিয়ে প্রতিটিতেই জয় পাওয়ার অনন্য কীর্তি ধরে রেখেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তিনটি টাইব্রেকার জয়ের বিপরীতে হেরেছে দুটিতে। এছাড়া ফ্রান্স দুবার জিতলেও তিনবার হেরেছে পেনাল্টিতে। আর ইংল্যান্ড ও স্পেনের ঝুলিতে রয়েছে কেবল একটি করে টাইব্রেকার জয়ের স্মৃতি।

/এমএকে/