শিরোনাম

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে বর্তমানে তার মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খায়রুল হকের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও মো. জাহাঙ্গীর হোসেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন লাভের পরও খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত আদেশ দেন।

এর আগে, গত ১৬ মে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে যাত্রাবাড়ী পদচারী সেতুর নিচে অবস্থান করেন খোয়াইব। পরে বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হলে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের নির্দেশনা ও মদদে পুলিশ, র্যাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র সদস্যরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অতর্কিত গুলিবর্ষণ করে।

এ ঘটনায় খোয়াইব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার কয়েক মাস পর, ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বিভিন্ন সময়ে তাকে একে একে মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

/এমআর/